বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছেড়ে ছাত্রদলে যোগ দিলেন ১০ নেতাকর্মী

সারাদেশ
Spread the love

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সংগঠক মোজাম্মেল হক সাগরের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১০জন নেতাকর্মী যোগদান করেছে। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের ডাকবাংলো সংলগ্ন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন।

এ সময় ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহামেদ ও সদস্য সচিব হারুন অর রশিদ ছাত্রদলে যোগদানকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতাকর্মীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। ছাত্রদলে আনুষ্ঠানিক যোগদানের পর ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সাথেও তারা সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় মাজেদ বাবু তাদের সাধুবাদ জানিয়ে দেশ ও দলের কল্যাণে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছেড়ে ছাত্রদলে যোগদানকৃত নেতাকর্মীরা হলেন-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সংগঠক মোজাম্মেল হক সাগর। বাকীরা হলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী আব্দুল কাদির মন্ডল, নাঈম ইসলাম, নুর মোহাম্মদ, সাইম আহমেদ, আব্দুল কাইয়ুম মন্ডল, রিয়াজুল ইসলাম, তরিকুল ইসলাম, সোহাগ মিয়া, হৃদয় মিয়া।

ছাত্রদলে যোগদান করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সংগঠক মোজাম্মেল হক সাগর বলেন, আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জুলাই-আগস্টের অভ্যুত্থানে আমার অবদানকে স্বীকৃতি দিয়ে আমাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা কমিটির সংগঠক করা হয়। আমি আমার অনুসারীদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছেড়ে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলে যোগ দিলাম।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ জানান, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে অনেকেই ছাত্রদলে যোগ দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় তারা শহীদ জিয়ার আদর্শের দল ছাত্রদলে যোগ দিয়েছেন। এটা ইতিবাচক রাজনীতির জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা তাদের নিয়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *