নিয়ামতপুর (নওগাঁ) উপজেলা সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে বিএনপির দলীয় প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিনবারের সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার দায়ে ডা. ছালেক চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে নওগাঁ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনবারের সাবেক এমপি ডা. ছালেক চৌধুরী। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয় নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে। এ সিদ্ধান্ত অমান্য করে ডা. ছালেক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এ বিষয়ে সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ডা. ছালেক চৌধুরী বলেন, বহিষ্কারের বিষয়টি সম্পর্কে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নন। এ সংক্রান্ত কোনো নোটিশ তার কাছে পৌঁছায়নি বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, ‘আমি কোনো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। আমি কেবল মনোনয়নপত্র জমা দিয়েছি, যা আজ বৈধ ঘোষণা করা হয়েছে। ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপর প্রত্যাহার না করলে সেটিকে শৃঙ্খলা ভঙ্গ বলা যেত।’
তিনি আরও বলেন, ‘নেত্রীর মৃত্যুতে তারেক রহমান এ মুহূর্তে শোকাহত। দলের ভেতর থেকে যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তারা একদিন এর ফল ভোগ করবে।’