মাঠ প্রশাসনকে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের অভিনন্দন

জাতীয়
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্বের অংশ হিসেবে সুষ্ঠুভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)।

সংগঠনটির সভাপতি ও সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা ও মহাসচিব পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় জীবনে খুব গুরুত্বপূর্ণ এ নির্বাচন শুধু রাষ্ট্রের জন্যই নয়, বরং প্রশাসন ক্যাডারের জন্যও একটি তাৎপর্যপূর্ণ সময় ছিল। জাতীয় পর্যায়ের প্রতিটি নির্বাচনে ঐতিহ্যগতভাবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের সব স্তরের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

বিগত তিনটি জাতীয় নির্বাচনে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ওপর বিভিন্নভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহারের মাধ্যমে নিরপেক্ষ ভূমিকা পালনে বাধা সৃষ্টি করা হয়েছিল। এর ফলে এ ক্যাডারের সদস্যদের ভূমিকা নিয়ে জনমনে বিতর্ক তৈরি হয়। তবে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা আবারও প্রমাণ করেছেন রাষ্ট্রযন্ত্র নিরপেক্ষ থাকলে তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কার্যকর ও সহায়ক ভূমিকা রাখতে সক্ষম। নির্বাচনের আগেই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি তাদের পূর্ণ আস্থা ছিল।

নির্বাচন সংশ্লিষ্ট সব স্তরের সরকারি কর্মকর্তাদের কাছ থেকে যে পেশাদার, দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করা হয়েছিল, তারা সম্মিলিতভাবে সেই প্রত্যাশা পূরণ করেছেন। মাঠ প্রশাসনের এ দায়িত্বশীল ও পেশাদার ভূমিকার জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *