গবেষণায় মনোযোগী হতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় প্রচ্ছদ স্বাস্থ্য
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

চিকিৎসা শিক্ষা ও গবেষণার পরিবেশকে রাজনীতিমুক্ত রাখার ওপর জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন নতুন চিকিৎসকদের উদ্দেশে বলেছেন, শিক্ষাক্ষেত্রে রাজনীতি ব্যাঘাত ঘটায়। লেখাপড়া ও গবেষণায় মনোযোগী হতে হবে। ভালো ডাক্তার হোন, রাজনীতি থেকে দূরে থাকুন। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে রাজনীতি ব্যাঘাত সৃষ্টি করে। রেসিডেন্ট চিকিৎসকদের উচিত লেখাপড়া ও গবেষণায় মনোনিবেশ করে নিজেকে মানবিক ও দক্ষ বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলা। গতকাল রোববার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত রেসিডেন্সি ইনডাকশন প্রোগ্রাম ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী নবাগত ১,৩০৬ জন রেসিডেন্টকে পেশাগত উৎকর্ষের পাশাপাশি মানবিকতা, মমত্ববোধ ও দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, জনগণের জন্য মানসম্পন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য পূরণে নবাগত রেসিডেন্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি গবেষণায় গুরুত্বারোপ করে বলেন, আন্তর্জাতিকমানের বিশেষজ্ঞ হতে হলে চিকিৎসাবিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিকসের ব্যবহার সম্পর্কে জ্ঞান অর্জন জরুরি। অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে শপথ নেন ১৩০৬ জন রেসিডেন্ট। বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল উপস্থিত ছিলেন। এছাড়াও বিএমইউ এর প্রো ভিসি গন, কোষাধ্যক্ষ, প্রক্টর, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, ডিন, বিভিন্ন মেডিকেল কলেজ এর প্রিন্সিপাল, ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন ১৩০৬ জন রেসিডেন্স চিকিৎসক বিশেষজ্ঞ কোর্সে (এমডি ও এমএস) ভর্তি হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি নবাগতদের শপথবাক্য পাঠ করান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *