নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের খসড়া অধ্যাদেশটির উপর শিক্ষকদের সঙ্গে আলোচনা করবে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৫ অক্টোবর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশটির ওপর অংশীজনের মতামত নিতে মতবিনিময় সভা হবে। আগামী ২০ অক্টোবর বিকেল ৩টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে (কক্ষ নম্বর-১৮১৫, ভবন নং-৬) এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।
সভায় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও তিতুমীর কলেজসহ সাতটি কলেজের অধ্যক্ষরা উপস্থিত থাকবেন। এছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের একজন প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের একজন প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন।
সভায় সাতটি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদকরা ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমুখ উপস্থিত থাকবেন।