ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :
ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর,২৬) যাচাই-বাছাই শেষে প্রেসক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্যদের সদস্যপদ নিশ্চিত করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক ইসহাক মিয়ার উপস্থিত ছিলেন, সাংবাদিক ফয়সল আহমেদের সঞ্চালনায় নবীন সদস্যদের বরণ করে নেন সাংবাদিক আজিজুল হাই সোহাগ, হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য সদস্যরা। এ সময় পরিচিতি পর্ব, শুভেচ্ছা বিনিময়, ফুল দিয়ে বরণ এবং মিষ্টিমুখ করানো হয়। পাশাপাশি প্রেসক্লাবের নীতিমালা, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্ব সম্পর্কে নতুন সদস্যদের অবহিত করা হয়।
বক্তারা বলেন, নতুন সদস্যদের অন্তর্ভুক্তিতে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব আরও সক্রিয় ও শক্তিশালী হবে। পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার মানোন্নয়ন এবং নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
নতুন সদস্যরাও প্রেসক্লাবের কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।