নিজস্ব প্রতিবেদক :
চব্বিশ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ে স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৬ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই দাবি জানান।
পোস্টে মির্জা ফখরুল লেখেন, আগামীকাল (১৭ নভেম্বর) বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে, যেখানে গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আমরা পূর্ণ ন্যায়বিচার দাবি করছি!
এর আগে দুপুরে ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, আগামীকাল সোমবার ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে রায়। এ নিয়ে চরম একটা অনিশ্চয়তা, আতঙ্ক সারাদেশে বিরাজ করছে— এটা বলার অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে দেশে আবার নৈরাজ সৃষ্টি করার জন্য পাঁয়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে।