নাটোর থেকে শুরু হচ্ছে প্রথম ‘স্কুল ফিডিং’ কর্মসূচির কার্যক্রম

জাতীয় প্রচ্ছদ সারাদেশ
Spread the love

নাটোর জেলা প্রতিনিধি:

নাটোর থেকে শুরু হচ্ছে প্রথম ‘স্কুল ফিডিং’ কর্মসূচির কার্যক্রম। আজ শনিবার (১৫ নভেম্বর) থেকে নাটোরের গুরুদাসপুরে শুরু হচ্ছে ‘স্কুল ফিডিং’ কর্মসূচির কার্যক্রম। শিশুদের পুষ্টি নিশ্চিত করা, বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার লক্ষ্যে সারাদেশের নির্বাচিত ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি শুরু হচ্ছে।

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। এরপর তিনি প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে একটি শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এবং ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ প্রকল্পের পরিচালক মোহাম্মদ হারুন অর রশীদ।

‘ফিডিং কর্মসূচি’ প্রকল্প সূত্রে জানা যায়, দেশের নির্বাচিত ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ স্কুল কর্মদিবসে ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমি ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ অর্থাৎ পুষ্টিকর খাবার দেওয়া হবে। যার মধ্যে রোববারে ১২০ গ্রাম ওজনের বনরুটি এবং সিদ্ধ ডিম, সোমবারে বনরুটি এবং ২০০ গ্রাম ইউএইচটি দুধ, মঙ্গলবারে ৭৫ গ্রাম ওজনের ফর্টিফাইড বিস্কুট এবং কলা বা স্থানীয় মৌসুমি ফল, বুধবার এবং বৃহস্পতিবারে বনরুটি এবং সিদ্ধ ডিম দেওয়া হবে। প্রস্তাবিত খাদ্য তালিকায় মোট এনার্জির ২৫ দশমিক ৯ শতাংশ, মাইক্রোনিউট্রিয়েন্টের ৩২ দশমিক ২ শতাংশ, প্রোটিনের ১৬ দশমিক ৪ শতাংশ এবং ফ্যাটের ২১ দশমিক ৭ শতাংশ সরবরাহ নিশ্চিত করা হবে। এই প্রকল্পের মেয়াদকাল ২০২৭ সাল পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *