রাতে শীতবস্ত্র বিতরণ করলেন ঈশ্বরগঞ্জের ইউএনও সানজিদা রহমান

সারাদেশ
Spread the love

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হিমেল বাতাস আর ঘনকুয়াশায় জেঁকে বসেছে শীত। শীত নিবারণের জন্য রাতের আঁধারে পথে পথে ঘুরে ঘুরে এতিম ছিন্নমূল, দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এতিম ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

উপজেলা কার্যালয় সুত্রে জানা যায়, গত শুক্রবার রাত থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় রোববার দিবাগত রাতেও এভাবে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান।

সোহাগী ইউনিয়নের মাসুদ মিয়া বলেন, গত কয়েকদিন ধরে অনেক শীত পড়ছে। ঘরে যা আছে তা দিয়ে শীত মানছে না। আমাদের ঘরে কামাই করার মতো মানুষ নাই। শীতে কম্বল কিনতেও পারি না। রাতে ইউএনও স্যার এসে কম্বল দিছে। এতে আমাদের সবার উপকার হয়েছে। আমাদের পক্ষ থেকে ইউএনও স্যারের জন্য অনেক দোয়া রইলো।

জামিয়া গাফুরিয়া এতিম খানার শিক্ষক কামরুল ইসলাম বলেন, এক সপ্তাহ ধরে রাতে বৃষ্টির মতো যেমন কুয়াশা পড়ছে, তেমনি বাতাস বইছে। এতে বেড়েছে শীতের দাপট। আগুনের কাছে থাকলেও শীত কমে না। কম্বল পেয়ে এতিম ছাত্রদের খুব উপকার হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, শীতে এতিম এবং ছিন্নমূল, ও দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাই সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। আমরা সরকারের দেওয়া কম্বল নিয়ে প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে রাতেই বের হয়েছি। গত কয়েকদিন যাবত রাতে বের হয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছি। কম্বল শেষ না হওয়া পর্যন্ত এভাবেই ছিন্নমূল মানুষের কাছে বিতরণ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *