বগুড়া প্রতিনিধি :
পাটের উন্নত জাত ও আধুনিক উৎপাদন প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)-এর পাট গবেষণা উপকেন্দ্র, মাদারগঞ্জ, জামালপুরের উদ্যোগে বগুড়া ও জামালপুরে দুইটি পৃথক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৩০ জুন) বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় এবং বুধবার (১ জুলাই) জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় এসব মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে কৃষক-কৃষাণীদের পাটের উন্নত জাত, আধুনিক চাষাবাদ পদ্ধতি, সঠিক পরিচর্যা ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
পাট গবেষণা উপকেন্দ্র, মাদারগঞ্জের কেন্দ্র প্রধান মোঃ শামীম – আল-মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেআরআই-এর কৃষিতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শাহাদত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আল-মামুন, জিআরএস বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ.এস.এম. ইয়াহিয়া এবং জেএফএস বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ বাবুল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। এছাড়া সংশ্লিষ্ট উপজেলার কৃষি কর্মকর্তা, পাট গবেষণা উপকেন্দ্রের বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও কৃষকের আয় বৃদ্ধিতে পাটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেআরআই উদ্ভাবিত উন্নত জাত ও প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণের মাধ্যমে পাট উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব। এ ধরনের মাঠ দিবস গবেষণা প্রতিষ্ঠান ও কৃষকের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাঠ দিবসে কৃষকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অভিজ্ঞতা নিয়ে মতবিনিময় করা হয় এবং পাট উৎপাদনের ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক পরামর্শ প্রদান করা হয়।