ময়মনসিংহ-১০: বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথে আগুন

সারাদেশ
Spread the love

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া গফরগাঁও পৌর শহরের প্রধান প্রধান সড়কে অন্তত ১০ স্থানে আগুন দিয়েছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। এ ঘটনার পর পৌর শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। শনিবার ( ২৭ ডিসেম্বর,২৫) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিংয়ে এবং পৌর শহরের বিভিন্ন এলাকায় আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানান গফরগাঁও থানার ওসি মো. আতিকুর রহমান।

নেতাকর্মীরা জানান, গফরগাঁও উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-১০ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মো. আক্তারুজ্জামান বাচ্চুর নাম ঘোষণার পর থেকে ক্ষুব্ধ হয়ে ওঠেন দলের একাংশের নেতাকর্মীরা। তার মনোনয়ন বাতিলের দাবিতে বিকালে উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় রেললাইন অবরোধ করে প্রথমে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা রেললাইনে আগুন দেন। এতে ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেইসঙ্গে আতঙ্কে পৌর শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন দোকানিরা।
গফরগাঁও রেলওয়ে থানার এসআই আবুল বাশার বলেন, রেললাইনের আগুন দেওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।

গফরগাঁও থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আছে। তারা বিষয়টি দেখছেন। এর আগে এদিন দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ময়মনসিংহ-১০ আসনে মো. আক্তারুজ্জামান বাচ্চুকে দলীয় প্রার্থী ঘোষণা করেন। এরপর থেকে গফরগাঁওয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *