নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর এককভাবে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব।
একই সঙ্গে নতুন সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ও প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ড্যাব নেতৃদ্বয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি,২০২৬) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এক শুভেচ্ছা বিবৃতিতে এ কথা জানান।
নেতৃদ্বয় বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর জনগণের ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এ নতুন সরকার গঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এক নতুন ভোরের অভিমুখে যাত্রা শুরু করেছে। নবগঠিত বিএনপি সরকার অংশগ্রহণ মূলক গণতন্ত্র, জবাবদিহিমূলক প্রশাসন ও আইনের শাসন সুসংহত করার মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হবে। একই সঙ্গে বিএনপি চেয়ারম্যান এবং দেশের ১১তম প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের জনগণের হারানো ভোটাধিকার এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে আইনের শাসন সুসংহত হবে। গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের অর্থনৈতিক নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে একটি উন্নত বাংলাদেশের দিকে আমাদের যাত্রা শুরু হবে।
নেতৃদ্বয় আরো বলেন, আমরা আশাবাদী যে, বিগত সময়ের গণতান্ত্রিক সংকট কাটিয়ে এ সরকার একটি অন্তর্ভুক্তি ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলবে। জনগণের হারানো ভোটাধিকার এবং বিচারবিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে দেশে আইনের শাসন সুসংহত হবে।
ড্যাব নেতারা বলেন, স্বাস্থ্যখাতের কাঠামোগত সংস্কার, সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পর্যাপ্ত বাজেট বরাদ্দসহ বাজেট বৃদ্ধি , চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা সংরক্ষণ এবং গ্রামীণ পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সরকার অগ্রাধিকারমূলক উদ্যোগ গ্রহণ করবে। একই সঙ্গে দেশপ্রেমিক এই সরকার একটি সুখী, সমৃদ্ধ ও বৈষ্যম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন।।এই মহান লক্ষ্যে দেশের চিকিৎসক সমাজ কনকল্যাণ ও জাতীয় অগ্রগতির স্বার্থে ড্যাব সরকারকে সর্বাত্নক সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
কেন্দ্রীয় ড্যাব নেতারা বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন মন্ত্রিসভা কার্যকর ও বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে একটি টেকসই ও শক্তিশালী অর্থনীতির ভিত রচিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।