দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি

জাতীয় প্রচ্ছদ
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ চলাকালীন দেশের ৪৮৬টি ভোটকেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ সময় ৫৯টি কেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে, আর তিনটি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল এই তথ্য নিশ্চিত করেছে। সমন্বয় সেলের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ১৪টি কেন্দ্রে পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ১৩৫টি কেন্দ্রে বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

বেলা ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। বিকেল সোয়া চারটার দিকে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সহিংসতা ও অনিয়মের কিছু অভিযোগ এসেছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। সমস্ত কেন্দ্র মিলিয়ে মোট ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা ঘটেছে। এর মধ্যে ৬ জন প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ৩২,৭৮৯টি কেন্দ্রে ভোট পড়ার হার ৩২.৮৮ শতাংশ। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।

এবারের নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ চলছে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছে ৫০টি দল, মোট ২,০২৮ জন প্রার্থী। এর মধ্যে ১,৭৫৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩, স্বতন্ত্র ২০) এবং পুরুষ প্রার্থী ১,৯৪৬ জন (দলীয় ১,৬৯২, স্বতন্ত্র ২৫৩)।

শেরপুর-৩ আসনের ভোট স্থগিত থাকায় ২৯৯ আসনের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *