জাতিসংঘে আ.লীগের চিঠি, ‘কাজ হবে না’ : পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয় প্রচ্ছদ
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পাঠানো চিঠিতে বাংলাদেশ চিন্তিত নয় বলে মন্তব্য অন্তবর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি পাঠানো প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘে চিঠি দিয়ে কাজ হবে না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এ চিঠি নিয়ে ঢাকা চিন্তিত নয়। এর আগে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়’ উল্লেখ করে নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘকে চিঠি দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ।

শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে এই আহ্বান জানানো হয়। আওয়ামী লীগের পক্ষে চিঠিটি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আওয়ামী লীগের চিঠিতে বলা হয়, ‘অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনি সহযোগিতা স্থগিতের, সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনি সম্পৃক্ততার মূলভিত্তি হিসাবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি।’

এতে আরও বলা হয়, বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনি সহযোগিতা, ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি, যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলকও নয়, বিশ্বাসযোগ্যও নয়। এই ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি এবং অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *