রেজাউল করিম ভূঁইয়া :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল। দিবসটি উপলক্ষে দেশে ও বিদেশে একাধিক ভার্চুয়ালি মিটিং করেছে দলটি। সেখানে নানা কর্মসূচী ঘোষণা করেছে দলটির নেতাকর্মীরা। এছাড়া এসব মিটিংয়ে কর্মী-সমর্থকদের সক্রিয় করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। বিশেষ করে মিটিংয়ে ঢাকাসহ সারা দেশে ছোট ছোট মিছিলের ছক তৈরির খবর পাওয়া গেছে। অপরদিকে পুলিশের পক্ষ থেকেও দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। তবে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীর সদস্যরা। এওকই সঙ্গে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ ছয় জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুলিশের সকল সতর্কবার্তাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন দলটির নেতাকর্মীরা বলে সূত্রে জানা গেছে।
বিভিন্ন সূত্র মাধ্যমে জানা গেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন কর্মসূচী সফল করার টার্গেট নিয়ে রাজধানীসহ দেশের নানা স্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পলাতক নেতারা একর পর এক ভার্চুয়াল মিটিং করেছেন। সেখানে ঢাকা মহানগরের একাধিক যুবলীগ নেতা, ফেনী আওয়ামী লীগ, কুমিল্লা ছাত্রলীগ এবং চট্টগ্রাম, কক্সবাজার ও খুলনা এলাকার বেশ কিছু নেতাকর্মী অংশ নেন। পুলিশের সতর্কবার্তাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার ওপর জোর দেন তারা।
ওই বৈঠক সূত্রে জানা গেছে, কর্মসূচি বাস্তবায়নে নতুন করে পরিকল্পনা তৈরি করা হয়। এর অংশ হিসেবে ঢাকাসহ দেশের সব জেলা বেশ কয়েকজন নেতার মধ্যে ভাগ করে দেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানী ও জেলা পর্যায়ে মিছিলকে প্রধান কর্মসূচি হিসেবে নির্ধারণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে কর্মসূচি সফল করতে স্থান ও সময় নির্ধারণ করে সুনির্দিষ্ট কৌশল অনুসরণ করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, পুরান ঢাকার একাধিক স্থানে মিছিলের আয়োজন করবেন ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকন। কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকায় মিছিল পরিচালনা করবেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ। মিরপুরের রূপনগর ও পল্লবী এলাকার দায়িত্ব পেয়েছেন উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পী। মোহাম্মদপুর, আদাবর ও শ্যামলীর দায়িত্ব নিয়েছেন ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব। ইতোমধ্যেই তার নেতৃত্বে জুলাই জাদুঘর এলাকায় মিছিল হয়েছে। ধানমন্ডি ও আশপাশের এলাকায় মিছিলের নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি। শ্যামপুর, কদমতলী ও জুরাইন এলাকায় ছোটন কমিশনারসহ আরও কিছু নেতাকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। পল্টন ও মতিঝিলসহ কিছু এলাকায় ঝটিকা মিছিল করার সম্ভাবনা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে যুবলীগের এক কেন্দ্রীয় নেতা বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি অনেক নেতাকর্মীরা স্থানীয় পর্যায়ে র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিলের মতো কর্মসূচির মাধ্যমে দলের হাইকমান্ডকে চমক দেওয়ার প্রস্তুতি নিয়েছে। এমন কর্মসূচি এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ হলেও নেতাকর্মীদের মধ্যে নতুন করে সংগঠিত হওয়ার তৎপরতা দেখাতে এমন আয়োজন করা হচ্ছে।’তিনি আরও বলেন, ‘পুলিশের সতর্কতাকে অনেকেই রাজনৈতিক চাপ হিসেবে দেখছেন। আবার কোনো কোনো ক্ষেত্রে এটিকে কর্মীদের আরও উজ্জীবিত করে তুলছে। এরই মধ্যে গণভবনের সামনে মিছিল এবং মহাখালী এলাকায় ককটেল বিস্ফোরণের মতো কর্মসূচি পালন করা হয়েছে। ফলে পুলিশ প্রশাসনের সতর্কবার্তা এবং দলীয় প্রস্তুতির মধ্যে একধরনের অঘোষিত চ্যালেঞ্জ এরই মধ্যে সৃষ্টি হয়েছে।’
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সংগঠক সাজ্জাদ হোসেন সজিব বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগের এই সক্রিয়তা শুধু সাংগঠনিক শক্তি প্রদর্শনের বিষয় নয়, বরং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নিজেদের অবস্থান ও জনসম্পৃক্ততার বার্তা দেওয়ারও একটি প্রচেষ্টা।’তিনি বলেন, ‘আওয়ামী লীগ ছিল, আছে, থাকবে। এই বার্তা দেশবাসীর কাছে পৌঁছাতে কর্মসূচির বিকল্প নেই। এতে পুলিশ যদি সতর্ক থাকে, আমাদের গ্রেপ্তার করে, সেটি আমাদের চিন্তার বিষয় নয়।’
কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াশ বলেন, ‘পুলিশের সতর্কবার্তার কথা শুনে আমার মিছিলের লোকসংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছি। ২৩ জুন অন্য সব জেলার চেয়ে কুমিল্লার মিছিল হবে মনে রাখার মতো।’তিনি আরও বলেন, ‘জেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও পোস্টারিং করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন জাতীয় ও দলীয় পতাকা নিয়ে মিছিল হবে। ছাত্রলীগ শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, অন্য কোনো দল বা সংগঠনের সতর্কতাও আমলে নেয় না। ছাত্রলীগ গুলির সামনে দাঁড়ানোর চ্যালেঞ্জও গ্রহণ করে।’
এদিকে রাজধানীর প্রবেশমুখসহ বিভিন্ন এলাকায় গত শুক্রবার থেকে পুলিশের তল্লাশি শুরু হয়েছে। ঢাকার বিভিন্ন থানায় অপরাধীদের গ্রেপ্তার অভিযানও অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা, রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকা এবং বিভিন্ন প্রবেশপথে বাড়তি পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, মেসেজিং অ্যাপ ও বিভিন্ন যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঠেকাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও দলটির ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান নিতে পারেন। এতে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রস্তুতি সম্পর্কে পুলিশ সদর দপ্তরের এক এআইজি নাম প্রকাশ না করার শর্তে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক কর্মসূচিসহ সব সময়ই চ্যালেঞ্জের মধ্যে থাকে। তবে বর্তমান সময়টা পুলিশের জন্য একটু বেশি চ্যালেঞ্জিং। আওয়ামী লীগ সামাজিক যোগাযোগমাধ্যমে যতটা জানান দিচ্ছে, ২৩ তারিখ তেমনটা দেখাতে পারবে না।
সামগ্রিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। তিনি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের মাধ্যমে যাতে জননিরাপত্তা বিঘ্নিত না হয়, সে জন্য সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে মাঠপর্যায়ে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।’ গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা, রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকা এবং বিভিন্ন প্রবেশপথে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, মেসেজিং অ্যাপ ও বিভিন্ন যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে আজ ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে নাশকতা রোধে সেনা মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের একজন কর্মকর্তা বলেন, ঢাকা, গাজীপুর , নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম জেলায় সেনা মোতায়নের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অন্যান্য সংস্থাকে সহযোগিতা করতে ২২ জুন হতে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ মোতাবেক সেনা মোতায়নের সিদ্ধান্ত হয়েছে।
এদিকে ২৩ জুন সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো ঢাকাজুড়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিএমপি জানিয়েছে, রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে নিরাপত্তা নিশ্চিতে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। শুধু মাঠপর্যায়ের ফোর্স নয়, ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরেজমিনে নিরাপত্তা কার্যক্রম তদারকি করবেন। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নিয়মিত পুলিশের পাশাপাশি মাঠে থাকবে ডিএমপির বিশেষায়িত ইউনিটগুলোও। গোয়েন্দা শাখা (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। পাশাপাশি সম্ভাব্য নাশকতা বা ষড়যন্ত্র ঠেকাতে সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন (আইএডি) গোয়েন্দা নজরদারি চালাবে।