আগামীকাল শুক্রবার মোমেনার ‘গোধূলি বেলায়’

বিনোদন
Spread the love

বিনোদন প্রতিবেদক :

বাংলাদেশের মঞ্চনাটকের অনবদ্য এক গুণী অভিনেত্রী মোমেনা চৌধুরী। ‘লাল জমিন’ নাটকে এককভাবে অভিনয় করে তিনি দেশ-বিদেশে প্রশংসিত হয়েছেন। লাল জমিনের পর শূন্যন রেপার্টরি থিয়েটার মঞ্চে এনেছে আরেকটি একক নাটক ‘গোধূলি বেলায়’। মোমেনা চৌধুরীর রচনায় নাটকটির নির্দেশনা দিচ্ছেন শামীম সাগর। আগামীকাল শুক্রবার রাজধানীর বনানীর ‘যাত্রা বিরতি’তে (বাড়ি নম্বর ৬৩, রোড ১৭/এ) মঞ্চস্থ হবে মোমেনা চৌধুরীর ‘গোধুলি বেলায়’ নাটকটি।

মোমেনা চৌধুরী বলেন, ‘জীবনের এই গোধূলি বেলায় এসে মানুষের আর কোনো চাওয়া-পাওয়া থাকে না। শুধুই একজন ভালো বন্ধুর প্রয়োজন হয়। যার সঙ্গে মন খুলে কথা বলা যায়, চোখে চোখ রেখে চায়ের কাপে চুমুক দেওয়া যায়। যাই হোক, আমরা সাধারণত সবসময় মঞ্চনাটক উপভোগ করি হয় রাজধানীর বেইলি রোডে কিংবা শিল্পকলায়। কিন্তু এবার শূন্যন গোধূলি বেলায় মঞ্চস্থ করতে যাচ্ছে বনানীর যাত্রা বিরতিতে। আশা করছি সবার সঙ্গে দেখা হবে। যথারীতি নাটকটির রচনায় এবং অভিনয়ে আছি আমি। আশা করছি বনানী ও তার আশপাশে যারা আছেন তারা সবাই চলে আসবেন সন্ধ্যা ৭.১৫ মিনিটের মধ্যে। আশা করছি আপনাদের ভালো লাগবে গোধূলি বেলায়।’

এর আগে গত জুনে নিউ ইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে উদ্বোধনী মঞ্চস্থ হয়েছিল নাটকটি। নিউ ইয়র্কের পর দেশের মঞ্চে আসছে নতুন এই নাটক। গত ৮ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হয়। এটি মোমেনা চৌধুরীর লেখা দ্বিতীয় মঞ্চনাটক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *