আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যুতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

জাতীয় প্রচ্ছদ
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পোস্টমর্টেম ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা কঠিন। মঙ্গলবার ( ২ জুন, ২০২৬) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

রাজধানীর আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার কারণ এখনো তদন্তাধীন। হাসপাতালের এসি বন্ধ থাকা, শ্বাসরোধজনিত পরিস্থিতি বা গ্যাস লিকেজ—সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে শিশুগুলো মারা গেছে, তা নিশ্চিতভাবে বলতে তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

তবে এ ঘটনায় মৃত শিশুদের ময়নাতদন্ত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, পোস্টমর্টেম ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা কঠিন। এতে ভবিষ্যতে বিচারিক প্রক্রিয়ায় আসামিপক্ষ সুবিধা পেতে পারে।

ময়নাতদন্ত সম্পন্ন করা পরিবারের দায়িত্ব জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে দাফনের পরও আদালতের অনুমতি নিয়ে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা সম্ভব।

পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার বিচারকাজ দ্রুত শেষ করার জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিচারিক প্রক্রিয়া আদালতের বিষয় হলেও সাক্ষ্যগ্রহণসহ প্রসিকিউশনের দায়িত্ব সরকার যথাযথভাবে পালন করছে।

তবে রায় কখন হবে বা কী হবে, তা সম্পূর্ণ আদালতের বিষয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডে আর কেউ জড়িত থাকার তথ্য নেই বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *