জামায়াত আশ্রয় না দিলে রাস্তায় পড়ে থাকতে হতো: আখতারুজ্জামান

প্রচ্ছদ রাজনীতি
Spread the love

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান সম্প্রতি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বিএনপি থেকে পাঁচ বার বহিষ্কৃত হওয়ার পর জামায়াত সুযোগ দেওয়ায় নিজের কৃতজ্ঞতার কথা জানিয়েছেন আলোচিত এই নেতা। বলেছেন, তিনি জামায়াতের বিরুদ্ধে কিছু বলবেন না। কেননা জামায়াত আশ্রয় না দিলে তাকে রাস্তায় পড়ে থাকতে হতো।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা কলেজ মাঠে আয়োজিত এক কৈফিয়ত সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতে যোগ দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী আমাকে আশ্রয় দিয়েছে। যদি তারা আমাকে আশ্রয় না দিত, তাহলে হয়তো আমাকে রাস্তায় পড়ে থাকতে হতো। এই বয়সে নতুন করে ঘর বা দল গড়ার সামর্থ্য আমার নেই। আমার ঘরে চাল নেই, চুলা নেই, আমি কীভাবে নতুন ঘর বানাব। এই বয়সে কেউ আমাকে আশ্রয় দেবে না। কিন্তু জামায়াতে ইসলামী আমাকে আশ্রয় দিয়েছে। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা আজীবন থাকবে।’

জামায়াত কষ্ট পায় এমন কথা বলবেন না জানিয়ে আখতারুজ্জামান বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, যে কথায় জামায়াতে ইসলামী কষ্ট পায়, সেই কথা আমি বলব না। প্রয়োজনে আমার জবান কেটে দেব। কারণ তারা আমাকে আশ্রয় দিয়েছে। আমি তাদের ভালো-মন্দের সাথেই থাকব। জামায়াত তাদের রাজনীতি করবে, এগিয়ে যাবে।’

বিএনপির সমালোচনা করে সাবেক এই এমপি বলেন, ‘আজ হঠাৎ করে দেখছি আমার দাম বেড়ে গেছে। বিএনপির অনেক বন্ধু ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করছে। এতে আমি শুকরিয়া জানাই। তারা এখন বুঝতে পারছে আমি তাদের ঘরের একটি মোটা খুঁটি ছিলাম। আমি নিজে দল ছেড়ে আসিনি, আপনারাই আমাকে বের করে দিয়েছেন। গত তিন বছর আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি, এমনকি বিয়ের দাওয়াতও দেননি। আজ আমাকে গালাগালি করছেন, এতেও ভালো লাগে, কারণ বুঝি আপনারা আমাকে নিয়ে ভাবছেন।’

নির্বাচনে অংশ নেবেন না জানিয়ে তিনি বলেন, ‘আমি কোনো নির্বাচনে অংশ নেব না। জামায়াত যদি ক্ষমতায় আসে, তাহলে নিশ্চয়ই তারা আমাকে কোনো ভালো জায়গায় রাখবে।’

সদ্য জামায়াতে যোগ দেওয়া এই নেতা বলেন, ‘আমি চাই দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত, সন্ত্রাস ও দখলদারমুক্ত বাংলাদেশ। আমরা আর চাঁদা দিতে চাই না, রাস্তাঘাটে নিরাপদে চলতে চাই। দ্বিতীয়ত, সত্য প্রকাশ ও শান্তি প্রতিষ্ঠা চাই, বিশৃঙ্খলা নয়। শান্তির মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠা হোক। তৃতীয়ত, সামাজিক ন্যায়বিচার ও মর্যাদা চাই, মানুষ মানুষকে সম্মান করবে।’

অনুষ্ঠানে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *