নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করেছে জামায়াত ইসলামী ভাষানটেক থানা। এ উপলক্ষে ভাষানটেক বস্তির বাস্তুহারা প্রায় দুই হাজার অসহায় মানুষদের মাঝে মশারি উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালিদুজ্জামান বলেন, বিগত ১৭ বছর পতিত স্বৈরাচার সরকার এ দেশকে দুর্নীতির চরম শিখরে নিয়ে গেছে। মানুষের মৈলিক অধিকার লুণ্ঠন করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা মানুষের কল্যাণে কাজ করেনি। জাময়াত চরম নির্যাতনের মুখেও মানুষের পাশে ছিলো, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। জামায়াত তার মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির মূলোচ্ছেদ করা হবে।
খালিদুজ্জামান বলেন, ৫ আগস্টে যে স্বপ্ন নিয়ে এ দেশকে স্বৈরাচার মুক্ত করা হয়েছিলো, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। আমরা মানবিক বাংলাদেশ গড়ার জন্য সবাইকে নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। তিনি বলেন, নতুন করে কোনো স্বৈরাচার যেনো এ দেশের ক্ষমতায় না আসতে পারে তার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জামায়াতের এই নেতা বলেন, নারীদের জন্য একটি সুন্দর সমাজ আমরা গঠন করতে চাই। নারীদের মানবিক মর্যাদা নিয়ে বাঁচার পরিবেশ তৈরি করতে চাই। তাদেরকে কর্মক্ষেত্রে মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে কাজ করার পরিবেশ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ ।
জামায়াতের ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য ও ভাষানটেক থানা জামায়াতের আমির ডা. মো. আহসান হাবীবের সভাপতিত্বে এবং থানা জামায়াতের সেক্রেটারী ইকবাল হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো ছিলেন থানা নায়েবে আমির ইঞ্জিনিয়ার আব্দুর রহিম ও ঢাকা-১৭ আসনের প্রচার সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।