সংরক্ষিত ৫০ নারী আসনে বিএনপি ৩৬টি জামায়াত ১৩টি

জাতীয় প্রচ্ছদ
Spread the love

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট ৩৬টি, জামায়াত নেতৃত্বাধীন জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা একটি আসন পেতে যাচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১১তম কমিশনের সভা শেষে এ তথ্য জানান ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত তফশিল ৮ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশ করা হবে। সভায় মোট পাঁচটি এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণার বিষয়টি ছিল অন্যতম। বিস্তারিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
ইসি সচিব আরও বলেন, কয়েকটি দল জোটগতভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপির জোটে রয়েছেন জোনায়েদ সাকি, নুরুল হক নুর এবং আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন দলগুলো। অন্যদিকে জামায়াতের জোটে রয়েছে এনসিপি ও খেলাফত আন্দোলন। তবে রুমিন ফারহানা কোনো জোটের পক্ষে যাচ্ছেন না বলে জানিয়েছেন।
আসন বণ্টনের ক্ষেত্রে বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পাবে একটি আসন।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত রাখা হয়। এছাড়া বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে, কারণ আসনটি শূন্য হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম-২ ও ৪ আসনে আইনি জটিলতার কারণে এখনো ফলাফল ঘোষণা করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *