শহিদ ডা. মিলন দিবস আজ

জাতীয় প্রচ্ছদ স্বাস্থ্য
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

আজ ২৭ নভেম্বর, শহীদ ডা. মিলন দিবস। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে গুলিতে নিহত হন।এলাকায় ঘাতকদের গুলিতে শাহাদাৎবরণ করেন ডা. শামসুল আলম খান মিলন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব হিসেবে একটি সভায় যোগ দিতে যাওয়ার সময় এ চিকিৎসক নেতাকে হত্যা করা হয়।

ডা. মিলনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয়। বিক্ষুব্ধ ছাত্র-জনতা রাজপথে নেমে আসে। মিছিল বন্ধ করতে সেদিনই দেশে জরুরি আইন ঘোষণা করা হয়। কিন্তু জরুরি আইন, কারফিউ উপেক্ষা করে ছাত্র-জনতা বারবার রাজপথে নেমে আসে। অবশেষে ৬ ডিসেম্বর স্বৈরশাসকের পদত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়।

ডা. শামসুল আলম খান মিলন ১৯৭৩ সালে সরকারি বিজ্ঞান কলেজ থেকে এসএসসি, ১৯৭৫ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তারপর তিনি ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ১৯৮৩ সালে এমবিবিএস ডিগ্রি লাভ করে ডাক্তারি পেশায় যোগ দেন।

দিবসটি উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ডা. মিলনের সর্বোচ্চ আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। বাণীতে তারেক রহমান বলেন, শহীদ ডা. শামসুল আলম খান মিলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের এক সাহসী সৈনিক ছিলেন। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাহসী শহীদ ডা. মিলনের সর্বোচ্চ আত্মত্যাগ হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছিল। তার আত্মোৎসর্গের মধ্য দিয়ে দীর্ঘ নয় বছরের এরশাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘স্বৈরতন্ত্রকে উৎখাত করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠাই ছিল ডা. মিলনের অটল অঙ্গীকার। নিজের রক্তের বিনিময়ে তিনি দেশে গণতন্ত্রের জয় নিশ্চিত করেন। তাঁর এই পথ অনুসরণ করেই স্বৈরশাসনের পতন ঘটে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছিল।’

প্রতিবছরের মতো এবারও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ডা. মিলনের কবর জিয়ারত, ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *