শয্যা বাড়লেও জনবল বাড়েনি রংপুর মেডিকেলে

প্রচ্ছদ সারাদেশ স্বাস্থ্য
Spread the love

রংপুর প্রতিনিধি :

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ৬০০ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত হলেও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে আক্ষেপ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হুজুর আলী। শনিবার (৪ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণাধীন বিভিন্ন অবকাঠামো পরিদর্শন এবং চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত সচিব মো. হুজুর আলী বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরাঞ্চলের সবচেয়ে পুরোনো ও বড় হাসপাতাল হলেও এখানে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এখনো নিশ্চিত করা যায়নি। ১ হাজার শয্যার এই হাসপাতালে বর্তমানে প্রায় আড়াই হাজার রোগী চিকিৎসাধীন। পর্যাপ্ত জনবল না থাকায় রোগীদের সেবা দিতে এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতে কর্তৃপক্ষকে চরম হিমশিম খেতে হচ্ছে। এ নিয়ে সেবাগ্রহীতাদের অনেক অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, হাসপাতালে বর্তমানে ক্যানসার, হৃদরোগ ও কিডনি বিভাগের জন্য নতুন নতুন অবকাঠামো তৈরি হচ্ছে। এসব ইউনিট চালু করার সঙ্গে সঙ্গেই যেন প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হয়, সে বিষয়ে সরকার পদক্ষেপ নেবে।
জনবল নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, এটি একটি জটিল ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটি শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে না; জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়েরও সম্পৃক্ততা রয়েছে। তবে সরকারের সদিচ্ছা আছে এবং এই জনবলসংকট দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হাসপাতাল পরিদর্শনকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. শরিফুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *