মিরপুরে নতুন পাঠ্যবই পেল বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীরা

শিক্ষা
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

বছরের প্রথম দিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হয়েছে। নরম সূর্যের আলো আর সকালের কুয়াশার আবেশে পুরো পরিবেশটি উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে। নতুন বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে নির্মল হাসি ও সীমাহীন উচ্ছ্বাস, যা পুরো আয়োজনকে করে তোলে আবেগঘন ও অর্থবহ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে বসুন্ধরা শুভসংঘ স্কুলে পাঠ্যবই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নতুন বই হাতে নিয়ে শিক্ষার্থীরা যেন ভবিষ্যতের পথে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার প্রেরণা খুঁজে পায়। রঙিন মলাটে মোড়া বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তাদের চোখে দেখা যায় স্বপ্ন আর প্রত্যাশার ঝিলিক। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা তাদের আনন্দ ও অনুভূতির কথা প্রকাশ করে। চতু শ্রেণির এক শিক্ষার্থী জানায়, নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। বইয়ের গন্ধ আর রঙিন পাতা দেখে পড়াশোনার আগ্রহ আরো বেড়ে গেছে। আমি মন দিয়ে পড়াশোনা করে ভালো মানুষ হতে চাই। বই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা সেলিনা আক্তার, সাবিনা ইয়াসমিন, তানিয়া ইসলাম, বিথি আক্তার, তানিকা আক্তার। আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্য তাহমিদ আরেফিন সাজিদ, আব্দুল্লাহ আল রাজিন, ওয়ালী খান ইউসুফযাই, সাদমান সাকিব, নেহা আক্তার, ইসরাত জাহান, মহসিন ইসলাম।

স্কুলের শিক্ষিকা সেলিনা আক্তার বলেন, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারা আমাদের জন্য আনন্দের। এই শিশুদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। নতুন বই তাদের মনে নতুন স্বপ্ন জাগিয়ে তুলবে এবং নিয়মিত পড়াশোনায় আগ্রহী করে তুলবে। আজকের এই বই বিতরণ কার্যক্রম তাদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা বিশ্বাস করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *