নিজস্ব প্রতিবেদক :
জাতীয় রুফটপ সোলার কর্মসূচীর ‘উদ্যোগ ‘খ” বাস্তবায়নের লক্ষ্যে বুধবার ( ২২ অক্টোবর) বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ বিভাগ এবং সংশ্লিষ্ট ০৫টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য স্থাপনা (স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতাল)-এর ছাদে ওপেক্স (OPEX) মডেলে সোলার প্যানেল স্থাপন করা হবে। এর ফলে প্রতিষ্ঠানগুলোকে কোনো প্রকার ব্যয় বহন করতে হবে না, বরং তাদের বিদ্যুৎ বিল সাশ্রয় হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতার, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ মাহবুব আলম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষে অতিরিক্ত সচিব বদরুন নাহার এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পক্ষে অতিরিক্ত সচিব কামরুন নাহার উক্ত সমঝোতা স্মারকটি (MoU) স্বাক্ষর করেন।