দুর্গাপূজায় ৪ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জাতীয় প্রচ্ছদ
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। ছুটি শুরু হবে আগামী ১ অক্টোবর (বুধবার)। এবার শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে সরকারি প্রতিষ্ঠানগুলোতে। দুর্গাপূজা উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা ১১ দিন, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোতে টানা ১২ দিন এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিন ছুটি থাকবে। মাদ্রাসায় ছুটি থাকছে না।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মহানবমী উপলক্ষে আগামী ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরের দিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী হচ্ছে দুর্গাপূজার সাধারণ ছুটি। ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় তা সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে গণ্য হবে।

গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। সে অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির তালিকা প্রণয়ন করে। ওই তালিকা অনুযায়ী, এ বছর পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি।

সরকার দুর্গাপূজার সাধারণ ছুটির পাশাপাশি এক দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে। আগের সরকারের আমলে সরকারি চাকরিজীবীদের জন্য ঈদে তিন দিন ও দুর্গাপূজায় এক দিন ছুটি থাকত। তবে, কোনো কোনো বছর নির্বাহী আদেশে এ মেয়াদ বাড়ানো হয়।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৯ দিন বন্ধ থাকবে। তবে, ছুটির শুরুতে দুই দিন সাপ্তাহিক ছুটি পড়ায় টানা ১১ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর। তার আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ। ফলে, ২৬ সেপ্টেম্বর প্রাথমিক বিদ্যালয়ে পূজার ছুটি শুরু হবে। ছুটি শেষে ৭ অক্টোবর প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে।

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক বন্ধ (শুক্র ও শনিবার) থাকায় মোট ছুটি মিলবে ১২ দিনের। ফলে, দুর্গাপূজার ১০ দিনের ছুটি ও দুই দিনের সাপ্তাহিক বন্ধসহ টানা ছুটি থাকবে ১২ দিন।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি-বেসরকারি কলেজেও ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন ছুটি থাকবে। ছুটি শেষে ৮ অক্টোবর থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে যথারীতি ক্লাস শুরু হবে।

দুর্গাপূজা উপলক্ষে ১ ও ২ অক্টোবর কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে, দুর্গাপূজায় মাদরাসাগুলোতে কোনো ছুটি থাকছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *