অর্থনৈতিক ডেস্ক :
কর্মসংস্থান ব্যাংক বরিশাল বিভাগীয় কার্যালয়ের আওতাধীন সকল আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের অংশগ্রহণে দিনব্যাপী “ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬” সম্প্রতি (২৪ জানুয়ারি ২৬) ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী। উপমহাব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলাম। এছাড়া প্রধান কার্যালয়ের ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো: মশিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এর স্কোয়াড-র উপমহাব্যবস্থাপক এস এম এমাম মাসুম, শৃঙ্খলা ও আপীল বিভাগের উপমহাব্যবস্থাপক মো: নজরুল ইসলাম খান, বাজেট, ব্যয় নিয়ন্ত্রণ ও হিসাব সমন্বয় বিভাগের উপমহাব্যবস্থাপক জাহানারা আহমেদ উপস্থিত ছিলেন।
ঋণ আদায় ও মনিটরিং বিভাগের উপমহাব্যবস্থাপক মুহ: আকতার হোসেন প্রধান সভা সঞ্চালনা করেন।
সভায় সকল শাখা ও আঞ্চলিক ব্যবস্থাপক এবং মাঠকর্মীদের নিকট হতে যে সকল সূচকে পিছিয়ে পরেছে তার কারণ ও ব্যাখ্যা পর্যালোচনা করা হয়।
প্রধান অতিথি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে শাখার পারফরম্যান্স উন্নীতকরণে সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ, সমস্যা চিহ্নিত ও তার প্রতিকারের ওপর গুরুত্বারোপ করেন। ঋণ খাতের ডাইভার্সিটিসহ সকল ঋণ কর্মসূচির লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের পাশাপাশি প্রধান কার্যালয়ের নির্দেশনা যথাযথ অনুসরণ ও পরিপালনের পরামর্শ প্রদান করেন। সঞ্চিতা ঋণ কর্মসূচি, স্বপ্নচূড়া ডিজিটাল ঋণ কর্মসূচিসহ অন্যান্য কর্মসূচিতে বিতরণের লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের পরামর্শ প্রদান করেন। ক্রেডিট পলিসি অনুসরণ এবং ব্যাংকের চার্টার মোতাবেক বৃহৎ ঋণ প্রদানে সকলের প্রতি আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন।
বিশেষ অতিথি ও উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা তাঁর বক্তব্যে সকলকে কঠোর পরিশ্রম, নিষ্ঠাবান ও কাজের প্রতি অধিক যত্নশীল হওয়ার পরামর্শ প্রদান করেন। তিনি খেলাপি ঋণ, শ্রেণিকৃত ঋণ আদায়, অবলোপনকৃত ঋণ হতে আদায়সহ অন্যান্য সকল সূচকে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি যে যে জায়গায় ঘাটতি রয়েছে তা পূরণে সকল মনিটরিং কর্মকর্তাদের কর্মীভিত্তিক মনিটরিং জোরদারের আহবান জানান। সভাপতি ও মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলাম তার বক্তব্যে সকল সহকর্মীদের দাপ্তরিক কাজে আরও আন্তরিক ও নিবেদিত হওয়ার আহবান জানান। তিনি সকলকে শাখার দুর্বলতা চিহ্নিত করে তার সমাধান ও ব্যবসায়িক সূচকে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনে কার্যকর পরিকল্পনা গ্রহণের পরামর্শ প্রদান করেন। সভায় অংশগ্রহণকারী প্রধান কার্যালয়ের সকল উপমহাব্যবস্থাপক এসময়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং নির্বাহীবৃন্দের নির্দেশনা পরিপালনের আহবান জানান।