শিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

রাজনীতি
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তন এসেছে। সংগঠনটির নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে নতুন এই নেতৃত্ব ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন। শিক্ষাজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত রয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তাকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেছেন। তিনি ২০২৫ সেশনে ছাত্রশিবিরের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর আগে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ছিলেন। এর আগে কেন্দ্রীয় শিক্ষা এবং প্রকাশনা সম্পাদকও ছিলেন তিনি। তিনি ২০১৩–১৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সিবগাতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে বিএসএস ও এমএসএস সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন।

জানা গেছে, সিবগাতুল্লাহর গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে। বাবা মাওলানা আব্দুল হাকিম ঠাকুরগাঁও-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী। তিনি জেলা জামায়াতের সাবেক আমির।

উল্লেখ্য, সদস্যদের প্রত্যক্ষ ভোটে বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে ছাত্রশিবিরের সাংবিধানিক নীতিমালা অনুযায়ী তিনি সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *