সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ বছরের বেশি বহাল

প্রচ্ছদ শিক্ষা
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

সরকারি, স্বায়ত্তশাসিত ও স্ব-শাসিত সংস্থায় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জারি করা অধ্যাদেশে কিছুটা সংশোধন এনেছে সরকার। যেসব সংস্থার নিজ নিজ নিয়োগ বিধিমালা বা প্রবিধানমালায় কোনো পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছরের বেশি নির্ধারিত ছিল, ওই সব পদের সেই বয়সসীমা বহাল রাখার সুযোগ দেওয়া হয়েছে এ সংশোধনীর মাধ্যমে।

২০২৪ সালের ১৮ নভেম্বর জারি করা ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’ বা ১১ নম্বর অধ্যাদেশ সংশোধন করে সোমবার (২২ ডিসেম্বর) নতুন অধ্যাদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।

নতুন অধ্যাদেশটি ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ নামে অভিহিত হবে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ বলছে, সংশোধনীটি ‘অবিলম্বে কার্যকর হবে।

অধ্যাদেশে বলা হয়েছে, ২০২৪ সালের নভেম্বরে জারি হওয়া অধ্যাদেশের পূর্ণাঙ্গ শিরোনাম সংশোধন করা হয়েছে। সংশোধনের মাধ্যমে পূর্ণাঙ্গ শিরোনাম, প্রস্তাবনা, ধারা ১-এর উপ-ধারা (১) এবং ধারা ৩-এর দফা (গ) থেকে ‘আধা-স্বায়ত্তশাসিত’ শব্দবন্ধটি ও সংশ্লিষ্ট চিহ্ন বিলুপ্ত করা হয়েছে। এছাড়া নতুন একটি উপধারা সংযোজন করা হয়েছে সংশোধিত অধ্যাদেশে।

নতুন উপধারায় বলা হয়েছে, ধারা ৩-এ যা কিছুই থাকুক না কেন, যেসব সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থার নিজ নিজ নিয়োগ বিধিমালা বা ক্ষেত্রমত প্রবিধানমালায় কোনো পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছরের বেশি নির্ধারিত রয়েছে, এমন সব ক্ষেত্রে ওই নির্ধারিত বয়সসীমা অপরিবর্তিত ও বহাল থাকবে।

সরকারি, স্বায়ত্তশাসিত ও স্ব-শাসিত সংস্থায় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে গতবছরের ১৮ নভেম্বর অধ্যাদেশ জারি করা হয়েছিল। ওই অধ্যাদেশের ৩ ধারায় বলা হয়েছিল, বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। ‘স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থার চাকরির যেসব পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বা অনূর্ধ্ব ৩২ বছর উল্লেখ আছে, সব ক্ষেত্রের বয়সসীমা ৩২ বছর প্রতিস্থাপিত হবে।

প্রতিরক্ষা কর্মবিভাগ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব স্ব নিয়োগ বিধিমালা বা প্রবিধানমালা বহাল থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *